৭ অক্টোবর (রেডিও তেহরান) : মিয়ানমারের আকিয়াব শহরের প্রধান মসজিদ "বড় মসজিদ" জ্বালিয়ে দেয়া হয়েছে। মিয়ানমার সরকারের পৃষ্ঠপোষকতায় দেশটির আরাকান প্রদেশে রোহিঙ্গা মুসলিম-বিরোধী যে অভিযান চলছে তারই অংশ হিসেবে এ জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। সীমান্তের ওপার থেকে পাওয়া খবরে জানা যায়, কয়েক মাস আগে মুসলিম-বিরোধী দাঙ্গা শুরু হওয়ার পর থেকেই পাঁচশ' বছরের পুরনো এ মসজিদটি তালাবদ্ধ ছিল। কিন্তু, আজ দুপুরের দিকে বৌদ্ধ ধর্মাবলম্বী উগ্র কিছু লোক তালা ভেঙে মসজিদে ঢুকে পড়ে এবং বহু কুরআন-কিতাব বাইরে ছুঁড়ে ফেলে তাতে আগুন ধরিয়ে দেয়। তারা পবিত্র কুরআন শরীফকে আবমাননা করার জন্য রাবারের ফিতা দিয়ে জড়িয়ে পায়ে লাথি মেরে ফুটবল খেলেছে। কান্না জড়িত কণ্ঠে এ কথা জানিয়েছেন কক্সবাজারে আশ্রয় নেয়া এক আরাকানি মুসলমান।